যৌতুকের টাকা কম বরপক্ষ লাপাত্তা
বিয়ে করতে কনের বাড়ির উদ্দেশে রওনা দিয়েও যৌতুকের টাকা কম পড়েছে শুনে পথ থেকেই বরসহ যাত্রীরা ফেরত যান। গত সোমবার বিয়েটি হওয়ার কথা ছিল। এতে ক্ষিপ্ত কনে সোজা গিয়ে ওঠেন বরের বাড়ি। সমস্যা সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিরা সোমবার গভীর রাত পর্যন্ত বরের বাড়িতে বৈঠক করেন। কিন্তু কোনো সুরাহা হয়নি। সকালে কৌশলে কনেকে বাড়ির বাইরে বের করে বরপক্ষের লোকজন গেটে তালা দিয়ে সটকে পড়েন। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রামশালা গ্রামে।
গতকাল মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, বর বাবু হোসেনের বাড়ির প্রধান ফটকে তালা। আশপাশে উৎসুক গ্রামবাসীর ভিড়। গেটের বাইরে কনে ও তাঁর মা গালে হাত দিয়ে বসে আছেন।
কনের মা সাংবাদিকদের জানান, তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বড় নিলাহালি গ্রামের বাসিন্দা। প্রায় দুই বছর ধরে রামশালা গ্রামের আবদুস ছামাদের ছেলে বাবু হোসেনের সঙ্গে তাঁর মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। দুই পরিবারই এ সম্পর্ক মেনে নিয়েছিল। তাঁর মেয়ের আগে একটি বিয়ে হয়েছিল। সে ঘরে মেয়ের একটি ছেলেসন্তানও আছে। বরও আগে দুটি বিয়ে করেছিলেন। এসব ঘটনা দুপক্ষই মেনে নেয়।
কনের মা আরও জানান, বাবুর আত্মীয়স্বজন সোমবার বিয়ের দিন ধার্য করেন। বরপক্ষ তিন লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার যৌতুক দাবি করে। বিয়ের আসরেই যৌতুকের টাকা পরিশোধের কথা ছিল। বিয়ের দিন বরযাত্রীরা কনের বাড়ির উদ্দেশে রওনাও দেন। পথিমধ্যে বরের মা কনের মায়ের কাছে মুঠোফোনে তিন লাখ টাকাই পরিশোধের কথা মনে করিয়ে দেন। কিন্তু কনেপক্ষ দুই লাখ টাকা জোগাড় হয়েছে বলে জানায়। এ নিয়ে বরের সঙ্গেও মুঠোফোনে কথা হয়। এরপর ঘণ্টার পর ঘণ্টা চলে যেতে থাকে। কনেপক্ষ দাওয়াতি লোকজনকে আপ্যায়ন করে বিদায় দেয়। পরে জানতে পারে, যৌতুকের এক লাখ টাকা কম থাকায় বর রাস্তা থেকে ফিরে গেছেন। এ ঘটনায় ক্ষিপ্ত কনে নিজেই বরের বাড়িতে চলে আসেন। পরে কনের মা স্থানীয় সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান-সদস্যদের ঘটনাটি জানান। তাঁরা বরের বাড়িতে বসে গভীর রাত পর্যন্ত বৈঠক করে চলে যান।
কনে বলেন, ‘আমাকে বিয়ের আসরে বসিয়ে রেখে অপদস্থ করা হয়েছে। তাই বরের বাড়িতে চলে আসি। এখন আমাকে কৌশলে বাড়ির বাইরে এনে দরজায় তালা দিয়ে সবাই সটকে পড়ছে।’
বরের ছোট বোন মুঠোফোনে জানান, কনের আগের পক্ষের সন্তান ছিল তা তাঁরা আগে জানতেন না। এটা জানার পর আর বিয়ে হয়নি।
সোনামুখী ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই পক্ষের সমঝোতার জন্য রাত দুইটা পর্যন্ত চেষ্টা করেছি।’