যৌতুকের টাকা না পেয়ে গাছে বেঁধে মারধর
লালমনিরহাট সদর উপজেলার চরখাটামারী গ্রামে যৌতুকের টাকা না পেয়ে আমেনা বেগম (৩০) নামের এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়েছে। পুলিশ গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে।
পুলিশ, এলাকাবাসী ও নির্যাতিত গৃহবধূর পরিবারের সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে চরখাটামারী গ্রামের আমির হোসেনের ছেলে আবদুল আজিজের সঙ্গে একই গ্রামের মৃত আবদুল বারেকের মেয়ে আমেনার বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় আমেনাকে নির্যাতন করা হতো। সাত মাস আগে মারধর করে গৃহবধূর একমাত্র সন্তান আরজিনা খাতুনকে (দুই বছর) রেখে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। মেয়ের অসুস্থতার খবর পেয়ে গত শনিবার দুপুরে শ্বশুরবাড়িতে আসেন আমেনা। এ সময় তাঁকে দেখে শ্বশুর আমির হোসেন ধরে বাড়ির পাশের একটি গাছে বেঁধে মারধর শুরু করেন। গৃহবধূর চিৎকারে এলাকাবাসী এসে তাঁকে উদ্ধার এবং তাঁর শ্বশুর-শাশুড়িকে আটক করে।
চিকিৎসাধীন গৃহবধূ বলেন, ‘মোক ওমরা যৌতুকের টাকা আনি দিবার কয়। মোর বাপ নাই, মাও চায়াচিন্তা খায়। মোর কাছ থাকি যৌতুকের টাকা পাবার নয় বুঝবার পায়া শ্বশুর-শাশুড়ির পরামর্শে মোর স্বামী তালাক নোটিশ পাঠাইছে। মুই নোটিশ নেও নাই। মুই ওমার গুলার বিরুদ্ধে কোটত যৌতুকের মামলা দিছং বলিয়া ওমরা মোক দেখা পায়া বান্ধি পিটাইছে।’