যৌতুকের দাবিতে আরও এক ছাত্রীকে নির্যাতন
যৌতুকের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরও এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত ছাত্রীর পরিবারের অভিযোগ, বিশ্ববিদ্যালয় থেকে তুলে নিয়ে রাজধানীর জুরাইনে নিজ বাসায় আটকে রেখে ওই ছাত্রীকে নির্যাতন করেছেন তাঁর স্বামী।
ছাত্রীর নাম মাহমুদা আক্তার। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের ছাত্রী । গতকাল সোমবার অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচিতে এ অভিযোগ জানান তাঁর বাবা মো. মাহফুজুর রহমান। ঘটনার প্রতিবাদে এবং নির্যাতনকারী স্বামীর বিচারের দাবিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচিটি আয়োজন করেন। এর আগে যৌতুকের দাবিতে টাঙ্গাইলের কালিহাতীতে ঢাবির ম্যানেজমেন্ট বিভাগের এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছিল তাঁর স্বামীর বিরুদ্ধে।
মানববন্ধনে মাহমুদা আক্তারের বাবা জানান, দশম শ্রেণিতে পড়ার সময় তাঁর মেয়েকে জোর করে বিয়ে করেন মোফাজ্জল হোসেন নামে স্থানীয় এক ব্যবসায়ী। বিয়ের দুই বছর পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্ন সময় নির্যাতনের করেন। পাশাপাশি পড়াশোনায় বাধা দেন। গত ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে এলে স্বামী তাঁকে জুরাইনের বাসায় তুলে নিয়ে যান। চুলের মুঠি ধরে মেঝে ও দেয়ালে প্রচণ্ড আঘাত করেন। হাতের একটি আঙুল কেটে ফেলেন এবং কনুই থেঁতলে দেন।