যৌতুকের দাবিতে কলেজছাত্রী ফারজানা হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
ফারজানা ইয়াসমিন ইতি নামের সরকারি তিতুমীর কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীকে যৌতুকের জন্য তাঁর স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। স্বামী আলী আজগর যৌতুকের দাবিতে এ কাজ করেছেন বলে ফারজানার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ফারজানা ইয়াসমিন হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তাঁর পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। ওই মানববন্ধনে তিতুমীর কলেজের শিক্ষার্থী ও ফারজানার বন্ধুরাও অংশ নেন।
আলী আজগরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানববন্ধন শেষে ফারজানার মা লুৎফা বেগম প্রথম আলোকে বলেন, আলী আজগরের বাড়ি ময়মনসিংহে। চার বছর আগে ফারজানার সঙ্গে আলী আজগরের পরিচয় হয়। তাঁরা তিন বছর আগে পালিয়ে বিয়ে করেন। এক বছর আগে মহাখালীতে একটি বাসা ভাড়া নিয়ে তাঁরা সংসার শুরু করেন। তিনি দাবি করেন, সংসারের শুরু থেকে ফারজানাকে যৌতুকের দাবিতে নির্যাতন করতেন আজগর। ফারজানার বাবার কাছে চার লাখ টাকা যৌতুক দাবি করেন আলী আজগর। বাবার অসুস্থতার কথা বলে ফারজানা ওই টাকার কথা বলতে অপারগতা প্রকাশ করলে বিভিন্ন সময় তাঁকে মারধর করা হয়। ৪ এপ্রিল বিকেলে তিনি খবর পান মেয়ে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। দুই ভাই ও বোনকে নিয়ে হাসপাতালে গিয়ে দেখতে পান ফারজানা মুমূর্ষু অবস্থায় আছেন। ওই সময় ফারজানা তাঁর মাকে বলেছেন, স্বামী আলী আজগর তাঁকে ‘বিষাক্ত’ কিছু খাইয়েছেন। এরপর রাতে তিনি মারা যান।
পরদিন ৫ এপ্রিল মা লুৎফা বেগম বাদী হয়ে রাজধানীর বনানী থানায় হত্যা মামলা করেন। এ মামলায় আলী আজগর গ্রেপ্তার হয়েছেন।
ফারজানার বড় বোন মোছা. শাহনাজ বলেন, ‘ঘটনার দিন ফারজানার স্বামী, শাশুড়ি ও ননদ বাসায় ছিলেন। মামলায় সবাইকে আসামি করতে চাইলেও পুলিশ আলী আজগরকে আসামি করেছে। আমরা এ হত্যার সুষ্ঠু বিচার চাই।’ ঘটনাটি যেন ধামাচাপা না পড়ে এবং আলী আজগর যেন জামিন না পান, সে জন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
একই সঙ্গে লুৎফা বেগম মানববন্ধনে আইনমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার দাবি করেছেন।
তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে ফারজানা ইয়াসমিন সবার ছোট। তাঁর পরিবারের অন্য সদস্যরা রাজধানীর গুলশান নিকেতনে থাকেন।