যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন!
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে যৌতুকের দাবিতে মানসুরা এমিলি (২৫) নামের এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। মানসুরাকে গুরুতর আহতাবস্থায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার সাতুরিয়া গ্রামে গত শনিবার এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর মানসুরার স্বামী লোকমান হাসান আকন পলাতক রয়েছেন। লোকমান সাতুরিয়া গ্রামের বাদশা আকনের ছেলে।
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবুল খায়ের মাহমুদ বলেন, মানসুরা বর্তমানে শঙ্কামুক্ত। তবে তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া তাঁর ছেলে আলিম গুরুতর আহত না হলেও মানসিকভাবে বাচ্চাটি আতঙ্কিত। স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে।
হাসপাতালে চিকিৎসাধীন মানসুরা গতকাল দুপুরে বলেন, ‘আমার শ্বশুর ও স্বামী টানা তিন দিন আমার ওপর নির্যাতন চালান। আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন ও পিটিয়ে আহত করেন। পরে হত্যা করার জন্য আমার বুকের ওপর উঠে পা দিয়ে পাড়ান। আমি চিৎকার করলে তাঁরা আমার মুখ ও গলা চেপে ধরেন।’ এসব কথা বর্ণনা করতে গিয়ে মানসুরা কান্নায় ভেঙে পড়েন।