যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকালে শিখা বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর মায়ের অভিযোগ, যৌতুক না পেয়ে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে হত্যা করেছে।
জানা গেছে, ওই গৃহবধূর স্বামী কুমড়ি গ্রামের কৃষক সাখায়েত মৃধা। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের সাহেব শেখের মেয়ে শিখার সঙ্গে সাত বছর আগে সাখায়েতের বিয়ে হয়। তাঁদের কোনো সন্তান নেই।
শিখার মা আয়না বেগম বলেন, বিয়ের পর থেকে বিভিন্ন সময় জামাইকে (সাখায়েত) ১ লাখ ২০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়েছে। সম্প্রতি তারা ঋণ করে (সাখায়েত) নতুন ঘর নির্মাণ করেছে। ঋণের টাকা পরিশোধের জন্য তারা আবারও যৌতুক দাবি করে। না পেয়ে শিখার ওপর নির্যাতন শুরু করে। গত সোমবার রাত ১০টায় শিখা মুঠোফোনে জানায়, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করেছে। এর কিছুক্ষণ পর ফোন দিয়ে শিখাকে পাওয়া যায়নি। রাত ১১টার দিকে জামাই ফোন করে জানায়, শিখা বিষ খেয়ে আত্মহত্যা করেছে।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন লোহাগড়া থানার উপপরিদর্শক নিমাই চন্দ্র মণ্ডল। তিনি প্রথম আলোকে বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।