যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ার মাস্কা ইউনিয়নে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার ওই গৃহবধূর লাশ তাঁর শ্বশুরবাড়ি রায়পুর গ্রাম থেকে পুলিশ উদ্ধার করেছে।
নিহত গৃহবধূর নাম হাওয়া আক্তার লাকি ওরফে নার্গিস (১৯)। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে পুলিশ আটক করেছে।
নিহত নারীর পরিবার ও পুলিশ জানায়, রায়পুর গ্রামের হাবিবুর রহমান ওরফে হবির সঙ্গে প্রায় এক মাস আগে একই গ্রামের হাওয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে হাবিবুরসহ শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
এ অবস্থায় গত সোমবার হাওয়ার বাবা আবুল কালাম ও চাচি মিনা আক্তার হাওয়াকে বাড়িতে আনার জন্য তাঁর শ্বশুরবাড়িতে যান। কিন্তু তাঁকে বাবার সঙ্গে যেতে দেওয়া হয়নি। গতকাল মঙ্গলবার ভোরে হাবিবুরের পরিবার প্রথমে হাওয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পরে তিনি মারা গেছেন বলে খবর পাঠায়। পরিবারের লোকজন শ্বশুরবাড়িতে গিয়ে দেখেন হাওয়ার মৃতদেহ ঘরের খাটের ওপর পড়ে আছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাবিবুর রহমান, শ্বশুর আবদুস সাত্তার ও শাশুড়ি নূর বানুকে আটক করে পুলিশ। কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব বলেন, লাশের গলায় আঁচড়ের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।