যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার দাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম শিমু আক্তার (১৭)। বাড়ি উপজেলার নাগেরচর গ্রামে। শিমুর আটক হওয়া স্বামীর নাম মো. হাছান। তাঁর বাড়ি উপজেলার দাসকান্দি গ্রামে। এই দম্পতির একটি শিশু কন্যা রয়েছে।

শিমুর মা লাইলী আক্তারের ভাষ্য, প্রায় তিন বছর আগে মালয়েশিয়া প্রবাসী হাছানের সঙ্গে শিমুর বিয়ে হয়। বিয়ের পর থেকে শিমুর শ্বশুরবাড়ির লোকজন দুই লাখ টাকা মূল্যের আসবাবপত্রের জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে শিমুর বাবা আসবাবপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন। তা সত্ত্বেও শিমুকে শ্বশুরবাড়ির লোকজন মারধর করত। নির্যাতনের মুখে প্রায় ছয় মাস আগে বাবার বাড়িতে চলে আসে শিমু। সম্প্রতি হাছান মালয়েশিয়া থেকে আসেন। তিনি শিমুকে তাঁর বাড়িতে নিয়ে যান। যৌতুকের জন্য শিমুকে আর মারধর করা হবে না বলে আশ্বাস দেন তার স্বামী।

লাইলী আক্তার বলেন, আজ ভোরে তাঁকে ফোন করেন হাছান। শিমু হৃদরোগে আক্রান্ত হয়েছে বলে দাবি করেন তিনি। তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে বলে জানানো হয়। খবর পেয়ে শিমুর মা ও আত্মীয়-স্বজন সেখানে যান।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শাওন শিকদার বলেন, শিমুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

তিতাস থানার উপপরিদর্শক (এসআই-তদন্ত) হুমায়ুন কবীর বলেন, শিমুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন হাছানকে আটক করে পুলিশে দেয়।

ঘটনার বিষয়ে শিমুর শ্বশুরবাড়ির লোকজনের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য শিমুর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা হবে।