যৌতুকের দাবিতে পিটিয়ে হাত ভেঙে ফেলেছেন স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ৭০ নম্বর বেডে গৃহবধূ শারমিন বেগম (২১) গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ আছে, এতিম ওই গৃহবধূকে যৌতুকের দাবিতে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন তাঁর স্বামী মো. ইব্রাহীম।
ভোলা সদর হাসপাতালের সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শারমিনের বাঁ হাত ব্যান্ডেজ করা হয়েছে। তাঁর সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। তবে অবস্থা আগের চেয়ে ভালো।
শারমিনের মা মমতাজ বেগম ও স্বজনেরা বলেন, ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাপ্তানবাড়ির মৃত শেখ ফরিদের মেয়ে শারমিনের সঙ্গে একই ওয়ার্ডের রাঢ়িবাড়ির মো. মোতালেবের ছেলে ইব্রাহীমের চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবি করলে মমতাজ বেগম বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে এনে প্রায় পৌনে দুই লাখ টাকা দিয়েছেন। কিন্তু ইব্রাহীমের চাহিদা শেষ হয় না। তিনি আরও যৌতুকের দাবি করে প্রায়ই স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন। গত শনিবার সকালের দিকে এরই ধারাবাহিকতায় কথা-কাটাকাটির রেশ ধরে শারমিনকে পিটিয়ে জখম করেন এবং হাত ভেঙে ফেলেন। পরে মোতালেব হোসেন পুত্রবধূকে হাসপাতালে ভর্তি করেন।