যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে যৌতুকের দাবিতে ফারহানা আক্তার (২২) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় ফারহানার স্বামী আতিকুর রহমানকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার গভীর রাতে শহরের দড়িনারিচা পশ্চিমটেংরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারহানার বাবা আক্তার হোসেন বলেন, আড়াই বছর আগে আতিকুরের সঙ্গে ফারহানার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে এক লাখ টাকার গহনা দেওয়া হয়। কিছুদিন যেতে না যেতেই আবারও যৌতুকের জন্য ফারহানার ওপর অত্যাচার শুরু করে আতিকুর ও তাঁর পরিবারের সদস্যরা। এরপর আতিকুর বিদেশে চলে যায়। সেখান থেকে ফিরে এসে সম্প্রতি ব্যবসার অজুহাতে ফারহানাকে দিয়ে তাঁর কাছে দুই লাখ টাকা দাবি করে।

আক্তার হোসেন অভিযোগ করেন, এরই জের ধরে গতকাল রাতে ফারহানাকে মারধর করে একপর্যায়ে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়।

আতিকুর এসব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে তাদের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে কলহ হয়। এরপর তিনি অন্য কক্ষে চলে যান। রাত ১০টার পর নিজেদের ঘরে এসে তিনি ফারহানাকে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। এরপর তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।

আতিকুরের বাড়ির প্রতিবেশীরা বলেন, ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মাঝে মাঝে ফারহানার কান্নার শব্দ তাঁরা শুনতেন।
এদিকে ঘটনার পর থেকেই আতিকুরের বাবা-মা ও ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

ঈশ্বরদী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে এবং রাতেই আতিকুরকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, স্বেচ্ছায় ফাঁসিতে যে ধরনের লক্ষণ বা নমুনা থাকে, তার কোনো কিছুই ফারহানার লাশের সুরতহালে পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, ফারহানার বাবা আজ দুপুরে বাদী হয়ে আতিকুর ও তাঁর বাবা-মার বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় যৌতুকের জন্য ফারহানাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।