যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলঝাড়ুর বান্ডিলের মধ্যে অস্ত্র রেখে পাচার করার সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রোয়াজা পাড়ায় সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৭-এর যৌথ অভিযানে ২৫টি দেশীয় অস্ত্র ও ২ হাজার ২৭টি গুলিসহ চারজনকে আটক করা হয়েছে।

র‍্যাব-৭-এর লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন চাইনুং মারমা (৩৬), তুইসা মং (৩৬), মিফং মারমা (৪১) ও এক্য মারমা (৪০)। তাঁরা সবাই উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা বড় মারমা পাড়া এলাকার বাসিন্দা।

অভিযানে অংশে নেওয়া র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক সাহেদা সুলতানা (এএসপি) আজ প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে লামা উপজেলার দুর্গম বনপুর ও রোয়াজা পাড়া এলাকায় খুন, ডাকাতি, চাঁদাবাজি, মাদক চোরাচালান, মানুষ অপহরণ ও আটক করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে আসছে।’ তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁরা জানতে পারেন ফাঁসিয়াখালীর বনপুর রাজাপাড়ার পাহাড়ি এলাকায় সংঘবদ্ধ একটি চক্র পাচারের উদ্দেশ্যে ফুলঝাড়ুর মধ্যে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে। এরপরেই অভিযান চালানো হয়।

এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম র‍্যাব-৭-এর একটি দল ও সেনাবাহিনীর আলীকদম জোনের নেতৃত্বে রোয়াজা পাড়ায় অভিযানের কথা তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত র‍্যাবের পক্ষ থেকে আটক ব্যক্তি এবং জব্দ হওয়া অস্ত্র-গুলি নিয়ে থানায় আসেনি কেউ।