যৌন নিপীড়নের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক এ কে এম আনিসুজ্জামানকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
রেজিস্ট্রার আরও জানান, যৌন নিপীড়নবিরোধী সেলের প্রতিবেদনের ভিত্তিতে গত বছর ২৩ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আনিসুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে অধিকতর তদন্তের জন্য উপাচার্যকে সভাপতি এবং রেজিস্ট্রারকে সদস্যসচিব করে একটি বিধিবদ্ধ কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট আনিসুজ্জামানকে অপসারণ করে।
বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের প্রধান ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার এ বিষয়ে বলেন, ‘২০১৩ সালের শেষের দিকে ওই বিভাগের ছাত্রীরা আনিসুজ্জামানের বিরুদ্ধে বিভাগের শিক্ষকদের কাছে অভিযোগ করেন। এটা জানতে পেরে আমরা ছাত্রীদের লিখিতভাবে অভিযোগ করতে বলি। এতে বিভাগের ২২ জন ছাত্রী লিখিত অভিযোগ জমা দেয়। লিখিত অভিযোগে তারা জানায়, পরীক্ষা চলাকালীন, পাঠদানসহ বিভিন্ন সময় আনিসুজ্জামান ইচ্ছাকৃতভাবে ছাত্রীদের শরীরে হাত দিত। প্রথম দিকে অসাবধানতাবশত এটা হচ্ছে বলে ছাত্রীরা মনে করে। কিন্তু একাধিকবার এ ঘটনার পুনরাবৃত্তি হলে ছাত্রীরা বিভাগের শিক্ষকদের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগ করে।’
লিখিত অভিযোগ পাওয়ার পর নিপীড়নবিরোধী সেলের সদস্যদের মধ্য থেকে তিনজনকে নিয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। সেই কমিটি অভিযোগের সত্যতা পেলে যৌন নিপীড়নবিরোধী সেল তদন্ত শুরু করে। ১২টি সভা করে গত বছর জুন মাসে নিপীড়নবিরোধী সেল প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদনের ওপর ভিত্তি করে ২৩ আগস্ট সিন্ডিকেটে আনিসুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর উপাচার্যের নেতৃত্বে বিধিবদ্ধ কমিটি তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করে। সেই কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার সিন্ডিকেট তাঁকে চাকরি থেকে অপসারণ করে।
এই সিদ্ধান্তকে¯ স্বাগত জানিয়ে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘এর আগেও আমাদের বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নে বিচার হয়েছে। এবারও হলো। এটা নিঃসন্দেহে ভালো উদাহরণ।’
ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধর, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিয়া ফেরদৌসী সিন্ডিকেটের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, নিপীড়ক যেই হোক তাঁর বিচার এ বিশ্ববিদ্যালয়ে হয়। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
সিন্ডিকেটের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আইন কর্মকর্তা মো. মাহতাব-উজ-জাহিদ বলেন, তিনি (আনিসুজ্জামান) চাইলে আদালতের আশ্রয় নিতে পারবেন। কিন্তু নিয়ম হলো, আগে বিশ্ববিদ্যালয়ের আচার্যের কাছে আবেদন করা।
উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, আনিসুজ্জামানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই সিন্ডিকেট তাঁকে অপসারণ করেছে।