সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের (বালক) শিশুরা যৌন নিপীড়নের শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তাদের ঠিকমতো খাবার দেওয়া হয় না। এর প্রতিবাদে তারা গত রোববার রাতে অনশন শুরু করে। তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিলে শিশুছাত্ররা চার কর্মচারীকে মারধর করে।
মারধরের শিকার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দুজন অফিস সহায়ক, একজন বড় ভাইয়া (সমন্বয়কারী) ও একজন বাবুর্চি রয়েছেন। ছাত্ররা অবিলম্বে শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মিজানুর রহমানসহ সব কর্মচারী-কর্মকর্তার বদলির দাবি জানিয়েছে।
ঘটনা তদন্তে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর আহম্মেদকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে এক অফিস সহায়ককে আশাশুনিতে বদলি করা হয়েছে। তা ছাড়া বাবুর্চি ও সহকারী শিক্ষককে বদলির প্রস্তাব করা হয়েছে।
শিশু পরিবারের ১৬ জন ছাত্র গতকাল সোমবার সকাল ১০টার দিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দেবাশীষ সরদার ও সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মিজানুর রহমানসহ কয়েকজন কর্মকর্তার সামনে অভিযোগ করে। তারা বলে, এক অফিস সহায়ক ও বড় ভাইয়া (সমন্বয়ক) শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রদের ওপর যৌন নিপীড়ন চালিয়ে আসছেন। এসবের প্রতিবাদ করলে ছাত্রদের শিশু পরিবার থেকে বের করে দেওয়াসহ পুলিশে দেওয়ার হুমকি দেওয়া হয়। তা ছাড়া ছাত্রদের ঠিকমতো খাবার, চিকিৎসা, পোশাক দেওয়া হয় না। তাদের প্রায়ই বাবা-মায়ের নাম তুলে গালিগালাজ করা হয়। শারীরিক নির্যাতন করা হয়। নানা ধরনের অত্যাচার-নির্যাতনের শিকার হয়ে শিশু পরিবার থেকে ইতিমধ্যে পাঁচ-ছয়টি শিশু পালিয়ে গেছে। নিয়ম না থাকলেও সহকারী শিক্ষক (দায়িত্বপ্রাপ্ত সহকারী তত্ত্বাবধায়ক) তাঁর পরিবারের সদস্যদের নিয়ে শিশু পরিবারের একটি কক্ষে বসবাস করেন।
ছাত্ররা আরও অভিযোগ করে, নির্যাতনে অতিষ্ঠ হয়ে রোববার তারা দুপুরের খাবার খাবে না বলে ঠিক করে। পরে খেলেও রাত থেকে তারা অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাত পৌনে নয়টার দিকে শিক্ষক-কর্মচারীদের বিষয়টি জানিয়ে দেয়। এ সময় শিক্ষক-কর্মচারীরা তাদের পুলিশে দেওয়ার হুমকি দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা ওই চারজনকে মারধর করে। তবে কর্মচারীরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মিজানুর রহমান বলেন, ‘আমি মাত্র তিন দিন হলো এই কর্মস্থলে যোগদান করেছি। কিছু বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে গেছে।’
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক দেবাশীষ সরদার বলেন, জেলা প্রশাসক বিষয়টি তদন্তের জন্য কমিটি করে দিয়েছেন। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।