যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি কওমি মাদ্রাসায় ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষককে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার আদালতের মাধ্যমে ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, নিপীড়নের শিকার ছাত্র (৯) মাদ্রাসার ছাত্রাবাসে থাকত। পাশেই তার বাড়ি। হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে। তার বাবা জিজ্ঞাসা করলে শিশুটি যৌন নিপীড়নের কথা জানায়। পরে শিশুটির বাবা মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন।
শুক্রবার গভীর রাতে পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। তাঁর বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়। থানা-পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রের বাবার দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলাটি রেকর্ডভুক্ত করার পর তাঁকে ওই আদালতে নেওয়া হয়।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি গতকাল মুঠোফোনে বলেন, যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান বলেন, ওই শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।