যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত
গোপালগঞ্জ সদরের এক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এ সিদ্ধান্ত নেয়। শিক্ষকের বাড়ি জেলার কাশিয়ানী উপজেলায়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপন করেছেন।
শুকতাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ মো. আবেদ আলী জানান, ওই শিক্ষক এক বাড়িতে গৃহশিক্ষক হিসেবে থাকতেন। এই সুযোগে ওই বাড়ির এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। এ সময় তিনি (ওই শিক্ষক) তাঁদের সম্পর্কের ভিডিও ধারণ করে তাঁর মুঠোফোনে রাখেন। পরে এসব ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে ওই শিক্ষক শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করছিলেন। ওই শিক্ষক গ্রামের বাড়িতে গেলে তাঁর স্ত্রী ভিডিওচিত্রটি দেখে ফেলে বিষয়টি ফাঁস করে দেন।
গতকাল ওই বিদ্যালয় মাঠে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জালালউদ্দিন। এলাকাবাসী এ বিষয়ে প্রতিকার চেয়ে ইউএনওর কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন। ইউএনও তাৎক্ষণিকভাবে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করতে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে নির্দেশ দেন। পরে দুপুরে ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা ডেকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে।
এ ব্যাপারে কথা বলতে ওই শিক্ষকের মুঠোফোনে একাধিকবার ফোন করলে সেটি বন্ধ পাওয়া যায়।