যৌন হয়রানি, শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক সাইফুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনে তাঁরা এ দাবি করেন।
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোেগ শিক্ষক অবরুদ্ধ, পরে বরখাস্ত

মানববন্ধনে অংশ নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ফাহমিদুল হক বলেন, ‘যৌন নিপীড়নের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক, ন্যক্কারজনক ও নিন্দনীয়। এটি প্রকাশ করে ওই ছাত্রী সাহসী ভূমিকা পালন করেছে।’ তিনি বলেন, ক্ষমতাসীন শিক্ষকেরা তাঁদের ক্ষমতাবলে এই যৌন নিপীড়নের চর্চা করে থাকেন, এটি তারই একটি প্রতিফলন।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক সামিনা লুৎফা বলেন, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের বিরুদ্ধে অনেক আগে থেকেই রাষ্ট্রীয় আইন রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রী নিপীড়নের শিকার হলে প্রকৃতপক্ষে এসব আইনের প্রয়োগ হয় না। তিনি ওই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কারের পাশাপাশি রাষ্ট্রীয় আইনের প্রতিফলন ঘটানোর দাবি জানান।

থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাওগাতুল ইসলাম বলেন, সাত দিনের মধ্যে অভিযুক্ত সাইফুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা না হলে এই আন্দোলন চলবে।

অভিযুক্ত শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ সন্ধ্যায় অপরাজেয় বাংলা থেকে মশাল মিছিল বের করবেন শিক্ষার্থীরা। একই সঙ্গে রাজু ভাস্কর্য ও অপরাজেয় বাংলাকে কালো কাপড় দিয়ে মোড়ানো হবে।