যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে গতকাল মঙ্গলবার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী তাঁকে গ্রেপ্তারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেন। তবে সুভাষ চন্দ্র রায় বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ অস্বীকার করেছেন। যৌন হয়রানির শিকার এক ছাত্রীর বাবা গতকাল মঙ্গলবার ওই শিক্ষকের বিরুদ্ধে হরিরামপুর থানায় মামলা করেছেন। ওই মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
সর্বশেষ যৌন হয়রানির শিকার হওয়া বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই ছাত্রী অভিযোগ করে, ইংরেজির শিক্ষক সুভাষ রায় পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কুপ্রস্তাব দেন। এতে রাজি না হলে তাদের পরীক্ষায় ফেল করানোর হুমকি দেন। এভাবে তারা ওই শিক্ষকের কাছে যৌন হয়রানির শিকার হয়। একপর্যায়ে তারা বিষয়টি অভিভাবকদের জানায়। অভিভাবকেরা ওই শিক্ষককে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তাঁরা মুঠোফোনে ওই শিক্ষকের অশালীন কথোপকথন রেকর্ড করেন। এরপর তাঁরা ওই কথোপকথন অন্যান্য শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের শোনান।
হরিরামপুর থানাপুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল দুপুর ১২টার দিকে ক্লাস বর্জন করে রাস্তায় নেমে পড়ে। তারা বিদ্যালয়সংলগ্ন হরিরামপুর-মানিকগঞ্জ সড়কে মিছিল বের করে। তাদের এ কর্মসূচিতে যোগ দেন এলাকার তরুণেরা। মিছিল নিয়ে তাঁরা প্রথমে হরিরামপুর থানার সামনে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা সুভাষ চন্দ্রকে গ্রেপ্তার ও তাঁর বিচার দাবি করেন। এরপর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রুবিনা ফেরদৌসীর কার্যালয়ে গিয়ে তাঁর হস্তক্ষেপ কামনা করেন।
শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবির মুখে ইউএনওর নির্দেশে সুভাষ রায়কে পুলিশ বিদ্যালয় থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সুভাষ রায় ওই বিদ্যালয়ে ২০০২ সালে যোগ দেন। এর পর থেকে তিনি ওই বিদ্যালয়ের একটি কক্ষে বসবাস করছেন। তাঁর বয়স প্রায় ৪০ বছর। তিনি বিয়ে করেননি।
পুলিশ হেফাজতে সুভাষ রায় বিদ্যালয়ের ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হয়েছে।’ মুঠোফোনে কথোপকথনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ জন্য আমি অনুতপ্ত।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগম বলেন, এর আগে কোনো ছাত্রী বা অভিভাবকের পক্ষ থেকে সুভাষ চন্দ্রের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। গতকাল তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার নথি পাওয়ার পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও রুবিনা ফেরদৌসী বলেন, পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখিয়ে শিক্ষক সুভাষ চন্দ্র ছাত্রীদের যৌন হয়রানি করেছেন। এ বিষয়ে প্রমাণ পাওয়ার পর তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।