যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত
রাজশাহীর বাগমারা উপজেলায় এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার শিক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ মিছিল করেন এবং শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ শিক্ষকদের উদ্ধার করে। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে।
অভিভাবক ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, উপজেলার বাগান্না উচ্চবিদ্যালয়ের এক সহকারী শিক্ষক ছাত্রীদের বিভিন্ন সময়ে তাঁর কক্ষে ডেকে নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেন। তিনি ছাত্রীদের একাকী পেয়ে কু-প্রস্তাব দেওয়া ছাড়াও শ্লীলতাহানি করেন। কয়েক দিন আগে তিনি এক ছাত্রীর শ্লীলতাহানি ঘটান। পরে ওই ছাত্রী ঘটনাটি প্রকাশ করলে অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। গতকাল সকালে স্থানীয় জনগণ ও অভিভাবকেরা বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের কাছে এসে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁরা শিক্ষকের অপসারণ দাবি করেন। এ সময় তাঁদের সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিয়ে বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে অভিভাবক ও স্থানীয় লোকজন শিক্ষকদের বিদ্যালয়ের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি বেগতিক দেখে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডাকা হয়। সভায় অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। এতেও পরিস্থিতি স্বাভাবিক না হলে থানায় খবর দেওয়া হয়। বিকেলে পুলিশ বিদ্যালয়ে পৌঁছে অবরুদ্ধ থাকা শিক্ষকদের উদ্ধার করে।
এ ব্যাপারে কথা বলতে চেষ্টা করেও অভিযুক্ত শিক্ষকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এ অভিযোগ পুরোনো। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কফিল উদ্দিনও ওই শিক্ষককে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।