যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমানের (৩৫) বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ দাবিতে গতকাল বুধবার সকালে বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা অভিযুক্ত শিক্ষক ও তাঁর স্ত্রীকে মারধর করেছে। পরে সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেন পারভেজের নেতৃত্বে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিক্ষক দম্পতি গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অভিযুক্ত শিক্ষক জিয়াউর রহমান দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। প্রতিপক্ষের কিছু লোকজন ছাত্রছাত্রীদের উসকে দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শের-এ আলম জানান, ছুটির পর (১ রমজান) বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ওই শিক্ষকের পরকীয়ার অভিযোগ ওঠে। কিন্তু ছুটির কারণে মেয়েটির বাবা তাঁকে মৌখিক অভিযোগ করেন। ছুটির পর গতকাল বুধবার শিক্ষক জিয়াউর রহমান বিদ্যালয়ে প্রবেশ করামাত্রই দশম শ্রেণির শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি ও কাঠের বাটাম দিয়ে মারধর করে। এ সময় স্বামীকে উদ্ধার করতে এগিয়ে গেলে তাঁর স্ত্রীকেও মারধর করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগটি তিনিও শুনেছিলেন। তবে কেউ লিখিত অভিযোগ করেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক দশম শ্রেণির কমপক্ষে ১০ জন শিক্ষার্থী জানায়, যেই শিক্ষক তাদের পিতৃতুল্য সেই শিক্ষক যদি কন্যাতুল্য ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন—সেই শিক্ষকের স্কুলে থাকার অধিকার নেই। অবিলম্বে তারা ওই শিক্ষকের অপসারণ দাবি করে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন জানান, পরিস্থিতি সামাল দিতে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে ওই ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।