যৌন হয়রানির প্রতিবাদ করায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর পরিবারের ওপর হামলা চালায় বখাটে যুবকেরা। হামলায় ওই ছাত্রীর বাবা, মা ও চাচা আহত হয়েছেন। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্কুলছাত্রীর বাবা জানান, কয়েক মাস ধরে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে তাঁর নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত করে আসছিলেন কুন্দুরিয়া গ্রামের বাদশা মিয়া (২৪)। মঙ্গলবার সন্ধ্যায় বাদশা বাড়িতে ঢুকে মেয়েটিকে যৌন হয়রানি করলে তাঁকে চড়-থাপড় দিয়ে বাড়ি থেকে বের করে দেন মেয়েটির অভিভাবকেরা। এতে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার রাত আটটার দিকে ১০-১২ জন যুবককে সঙ্গে নিয়ে ওই বাড়ির লোকজনের ওপর হামলা চালান বাদশা। এ সময় ওই ছাত্রীর বাবা, মা ও চাচা আহত হন।
স্থানীয় নালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য যতীষ চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বাদশা মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘিওর থানার ওসি শওকত আলম বলেন, এ ব্যাপারে গতকাল সন্ধ্যায় ওই মেয়ের মামা থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।