যৌন হয়রানি ও বেত্রাঘাতের পৃথক ঘটনায় দুই শিক্ষক বরখাস্ত
ফরিদপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি ও চতুর্থ শ্রেণির দুই ছাত্রীকে বেত্রাঘাত করার পৃথক ঘটনায় আজ বৃহস্পতিবার দুজন সহকারী শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে।
যৌন হয়রানির অভিযোগে ফরিদপুর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলজার হোসেনকে বরখাস্ত করা হয়। আর দুই শিক্ষার্থীকে বেত্রাঘাত করায় জেলার নগরকান্দা উপজেলার কোদালীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে প্রথম আলোকে বলেন, দুই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। এ কারণে আজ ওই দুই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।
গোলজার হোসেনের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক শিশুকে দুই দফা যৌন হয়রানি করার অভিযোগ ওঠে। ১৮ এপ্রিল ওই ছাত্রীর বাবা এ ব্যাপারে অভিযোগ করেন।
অপর দিকে কোদালীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান গত মঙ্গলবার চতুর্থ শ্রেণির দুই ছাত্রীকে বেধড়ক বেত্রাঘাত করেন। এতে অসুস্থ হয়ে পড়ায় এক ছাত্রীকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ দৈনিক প্রথম আলোয় এ নিয়ে ‘তদন্তে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত’ ও ‘দুই স্কুলছাত্রীকে বেধড়ক বেত্রাঘাত করলেন শিক্ষক’ শিরোনামে পৃথক দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।
আরও পড়ুন: