যৌন হয়রানি শ্রমিক ফেডারেশনগুলোতেও

কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মী পুরুষদের হাতে নারী কর্মীদের যৌন হেনস্তা হওয়ার ঘটনা প্রতিদিনই ঘটছে। যৌন হয়রানি শ্রমিক ফেডারেশনগুলোতেও হচ্ছে। শ্রমিক সংগঠনগুলোর এই নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা থাকলেও তাঁদের নেতা-কর্মীরা নিজেরাই নারীদের যৌন হয়রানি করেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার মিলনায়তনে বাংলাদেশ শ্রম ইনস্টিটিউটের (বাশি) করা এক সমীক্ষার ফলাফলে এসব তথ্য উঠে আসে। ‘ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনে নারীর কাজ করার বাধা’ শীর্ষক সংবাদ সম্মেলনে সমীক্ষার ফলাফল তুলে ধরা হয়।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, রাস্তায় আন্দোলন হলে সেখানে ব্যাপক পরিমাণ নারী শ্রমিকের উপস্থিতি দেখা যায়। তবে নেতৃত্বে নারীদের অংশগ্রহণ খুবই কম। বাশির করা এই সমীক্ষা নারী নেতৃত্ব আন্দোলনে ব্যাপক ভূমিকা রাখবে।
পুঁজিবাদী পুরুষতান্ত্রিক সমাজের সব জায়গায় নারী নেতৃত্ব কম উল্লেখ করে জলি তালুকদার বলেন, শ্রমিক সংগঠনগুলোয় প্রচ্ছন্ন ও প্রকটভাবে পুরুষতন্ত্রের প্রভাব চলছে। শুধু ট্রেড ইউনিয়নে নারী নেতৃত্ব কম তা বলা যাবে না, এটা সমাজের সব জায়গায়। এর বিরুদ্ধে লড়াই করতে হবে।
সমাপনী বক্তব্য দেন বাশির ট্রাস্টি বোর্ডের সভাপতি শাহ্ আতিউল ইসলাম। তিনি বলেন, শ্রমিক সংগঠন দীর্ঘদিন ধরে মজুরি, আট ঘণ্টা শ্রম, নিরাপদ কর্মপরিবেশসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছে। তবে দাবি আদায় করতে সাংগঠনিক ও বুদ্ধিবৃত্তিক চর্চার ঘাটতি আছে। শ্রমিক সংগঠনগুলোর নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অবস্থান সুবিধাজনক নয়।
বাশির পক্ষ থেকে এই গবেষণা গুণগত পদ্ধতিতে করা হয়। এতে দীর্ঘ সাক্ষাৎকার, বিষয়ভিত্তিক দলগত আলোচনা ও জীবনভিত্তিক গল্প নেওয়া হয়েছে। এতে মূল উত্তরদাতা ছিলেন ২৮ জন। সাধারণ নারী ও পুরুষ শ্রমিক, নারী-পুরুষ শ্রমিকনেতা, বিশেষজ্ঞ ও আইনজীবীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সমীক্ষাটির প্রথম ধাপ শেষে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
গবেষণার এক নারী শ্রমিকের সাক্ষাৎকারে উঠে আসে, ‘যৌন হয়রানি ফেডারেশনগুলোতেও হচ্ছে, নেতারা নারীদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও তাঁদের অন্যভাবে চিন্তাভাবনা করে।’ আরেক শ্রমিক নারীনেত্রী সাক্ষাৎকারে জানান, ‘আমি ইতিমধ্যেই এই ধরনের অনেক অভিযোগের কথা শুনেছি, এই সমস্ত অভিযোগ আছে নেতৃবৃন্দ, কর্মী, ফেডারেশন লিডারদের বিরুদ্ধে যে তারা নাকি সংগঠনের নারী শ্রমিকদের সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছে।’
গবেষণা সমীক্ষার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাশির সদস্য ফারহানা তিথি। তিনি ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠনে নারীর কাজ করার বাধাগুলো চিহ্নিত করেন। বাধাগুলো হলো নারীর ওপরে দ্বিগুণ কাজের বোঝা, নেতৃত্বে স্বীকৃতি না পাওয়া, কৃত্রিম স্বার্থের দ্বন্দ্ব, কর্মক্ষেত্রে ও সংগঠনে যৌন হয়রানি, শ্রমিক সংগঠনের ওপর আস্থা অভাব ও শ্রম আইনে শ্রমিক স্বার্থবিরোধী বিধান।