যৌন হয়রানির অভিযোগে চিকিৎসককে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানির অভিযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসককে গতকাল বুধবার শাস্তিমূলক বদলি করা হয়েছে। তার আগে ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকেরা তাঁকে গণপিটুনি দেন।
ওই চিকিৎসক হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। তবে অস্থায়ীভাবে একটি ওয়ার্ডের সিএ (ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট) হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।
একাধিক সূত্রে জানা গেছে, ওই চিকিৎসক ৮ নম্বর ওয়ার্ডে সিএ হিসেবে দায়িত্ব পালনকালে গতকাল বেলা একটার দিকে ৫২তম ব্যাচের একজন নারী ইন্টার্ন চিকিৎসকে যৌন হয়রানি করেন।
অভিযোগ পাওয়া গেছে, এই বিভাগে কোনো নারী ইন্টার্ন চিকিৎসক দায়িত্ব পালন করতে গেলেই তাঁকে নানাভাবে যৌন হয়রানি করতেন ওই চিকিৎসক। এ ছাড়া অশালীন কথাবার্তা বলতেন। কিন্তু লোকলজ্জার ভয়ে এর আগে কেউ তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি।
কিন্তু গতকাল যৌন হয়রানির শিকার ওই নারী ইন্টার্ন চিকিৎসক সঙ্গে সঙ্গে বিষয়টি তাঁর সহকর্মীদের জানান। এরপর ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা এসে চিকিৎসককে গণপিটুনি দেন। পরে অন্য চিকিৎসকেরা এসে তাঁকে রক্ষা করেন।
ভুক্তভোগী ইন্টার্ন চিকিৎসক হাসপাতালের পরিচালকের কাছে মৌখিকভাবে অভিযোগ করার পর ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালের পরিচালকের কার্যালয়ে জরুরি সভা ডাকা হয়। ওই সভা চলাকালে ইন্টার্ন চিকিৎসক পরিষদের একজন নেতা এসে ওই চিকিৎসকের পাশে বসেন। এরপর হঠাৎ তিনি তাঁকে চড়থাপ্পড় ও লাথি মারতে শুরু করেন। তখন অন্য চিকিৎসকেরা তাঁকে নিবৃত্ত করেন।
সূত্র জানায়, বেলা আড়াইটা পর্যন্ত এ বৈঠক চলে। এতে চিকিৎসকের শাস্তিমূলক বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক থেকে মহাপরিচালকের কাছে ফ্যাক্স পাঠানো হয়। আধা ঘণ্টার মধ্যে বদলির আদেশ আসে। এরপর পুলিশি পাহারায় চিকিৎসককে হাসপাতাল থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়।
জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক গাজী সাইফুল আলম চৌধুরী বলেন, শুধু একজন নয়, একাধিক ইন্টার্ন চিকিৎসকের কাছ থেকে ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এরপর দ্রুত তাঁরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তাঁকে বদলির জন্য ফ্যাক্স পাঠান। তাঁকে রাজশাহী বিভাগীয় পরিচালক, স্বাস্থ্যের অধীনে ন্যস্ত করা হয়। এখন তাঁকে যেকোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।
অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ওই চিকিৎসকের মুঠোফোন নম্বর চাইলে কোনো চিকিৎসক তাঁর ফোন নম্বর দেননি। অন্যভাবেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।