যৌন হয়রানির দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বরখাস্ত
যৌন হয়রানি অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বছরের ১৪ সেপ্টেম্বর থিয়েটার বিভাগের তৎকালীন চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগের এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেন। পরদিন তাঁকে প্রায় দশ ঘণ্টা আটকে রাখেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেট সভা করে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ গঠন করে একটি তদন্ত কমিটি করা হয়। কমিটির প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত তাঁকে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে সিন্ডিকেটের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘নৈতিক স্খলনের অভিযোগে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।’ এটা কি স্থায়ী চাকরিচ্যুতি কি না, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘বরখাস্ত বললে সেটাকে আর স্থায়ী বলতে হয় না। তবে তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।’
আজকের সিন্ডিকেট সভায় উপস্থিত একাধিক সদস্য জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। সাইফুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীর অভিযোগ, পরীক্ষায় খাতায় নম্বর সংক্রান্ত জটিলতার কথা বলে তিনি গত বছরের ১৩ সেপ্টেম্বর ওই ছাত্রীকে নিজ বাসায় ডেকে ‘শারীরিকভাবে লাঞ্ছিত’ করেন। এ সময় তাঁর মুঠোফোনের রেকর্ডার চালু ছিল যা তিনি অভিযোগপত্রের সঙ্গে প্রমাণ হিসেবে জমা দেন।