যৌন হয়রানির দায়ে তরুণের কারাদণ্ড
ফরিদপুরের নগরকান্দায় এক নারীকে যৌন হয়রানি করার দায়ে রুবেল মাতুব্বর (২৫) নামের এক তরুণকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে নির্বাহী হাকিম ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আজিজ এই রায় দেন।
রুবেল মাতুব্বর ফরিদপুরের ভাঙ্গা পৌর মহল্লার কুঠিবাড়ি চরকান্দা গ্রামের বাসিন্দা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই তরুণ আজ সকালে নগরকান্দা পরিষদের আবাসিক এলাকায় এক নারীকে উদ্দেশ্য করে আপত্তিকর অঙ্গভঙ্গি করেন। এ সময় এলাকাবাসী রুবেল মাতুব্বরকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সোপর্দ করেন। পরে নির্বাহী কর্মকর্তা নিজ কার্যালয়ে আদালত বসিয়ে ওই তরুণকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠিয়ে দেন।
ইউএনও আবদুল আজিজ বলেন, যৌন হয়রানির দায়ে ৫০৯ দণ্ডবিধিতে ওই তরুণকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেওয়া হয়।