যৌন হয়রানির দায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে যৌন হয়রানির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান মজুমদারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য উজ্জ্বল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালের অক্টোবরে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী একই বিভাগের অধ্যাপক কামরুল হাসান মজুমদারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে লিখিত অভিযোগ দেন। ২০১৪ সালের নভেম্বরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কামরুল হাসান মজুমদারকে বিভাগের পরীক্ষা ও ছাত্রীদের গবেষণা–সংক্রান্ত সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।

তদন্ত করে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কাছে ২০১৫ সালের ২৭ এপ্রিল তাঁকে চাকরিচ্যুত করার সুপারিশ করে। সিন্ডিকেট সেটি গ্রহণ করে একটি সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়ন কমিটি গঠন করে।

বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমদের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট গঠিত ওই কমিটি পর্যালোচনা শেষে কামরুল হাসান মজুমদারকে বাধ্যতামূলক অবসরের সুপারিশ করলে গতকাল সিন্ডিকেটে তা পাস হয়। তবে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান এ সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট (দ্বিমত) দিয়েছেন বলে সিন্ডিকেট সূত্রে জানা গেছে।

শিক্ষক কামরুল হাসান মজুমদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি মুঠোফোনে ছাত্রীটিকে একাধিকবার আপত্তিকর প্রস্তাব দিয়েছেন। তাঁর প্রস্তাবে সম্মত হলে বিভাগে ভালো ফলের নিশ্চয়তাসহ শিক্ষক হওয়ার সুযোগের ব্যাপারে প্রলুব্ধ করার চেষ্টা করেন ওই শিক্ষক। ওই ছাত্রী তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেন।