যৌন হয়রানির মামলা তুলে নিতে অ্যাসিড নিক্ষেপের হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলা তুলে নিতে আসামিপক্ষ বাদীকে চাপ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রীকে অ্যাসিডে ঝলসে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে ওই ছাত্রীর পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

পুলিশ, উপজেলা প্রশাসন ও ওই ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক বিশ্বজিৎ গোস্বামী অষ্টম শ্রেণির ওই ছাত্রীসহ আরও কয়েকজনকে প্রাইভেট পড়াতেন। গত ১১ মে সকালে প্রাইভেট পড়ানোর সময় তিনি ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন। বিষয়টি ওই ছাত্রী বাড়িতে গিয়ে অভিভাবকদের জানায়। ওই দিন রাতে ছাত্রীর বড় ভাই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন। প্রধান শিক্ষক বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। প্রাথমিক তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় দুটি তদন্ত কমিটি। এরপর ওই শিক্ষককে বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ঘটনায় গত ১৬ মে ওই ছাত্রীর মা বাদী হয়ে শিক্ষক বিশ্বজিৎ গোস্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন। তবে মামলা হওয়ার এক মাস পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

আসামিপক্ষের লোকজন মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। এ ব্যাপারে ১২ জুন ওই ছাত্রীর বড় ভাই নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। তিনি বলেন, এক মাসের বেশি সময় পার হলেও পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। উল্টো আসামিরা এখন হুমকি দিচ্ছে; মামলা তুলে না নিলে স্কুলে যাওয়ার-আসার পথে তাঁর বোনকে অ্যাসিড মেরে ঝলসে দেওয়া হবে।

মামলা ও জিডির তদন্ত কর্মকর্তা সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। জিডির বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।