যৌন হয়রানির মিথ্যা অভিযোগে ফেঁসে গেলেন দুই সহকর্মী
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুই সহকর্মীর আনা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত না হওয়ায় উল্টো অভিযোগকারীরাই বিপদে পড়েছেন। তদন্তের একপর্যায়ে অভিযোগ প্রত্যাহার করে ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করবেন না বলে মুচলেকা দিয়ে তাঁরা দুজন নিজেদের রক্ষার চেষ্টা করছেন।
ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ ওই প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকর্মীর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও অ-অনুমোদিত ছুটি ভোগের অভিযোগ তুলে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেন প্রধান শিক্ষক। এ ঘটনায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান গত ৭ আগস্ট অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করেন। এতে অভিযোগের সত্যতা পান তদন্ত কর্মকর্তা।
এদিকে অভিযুক্ত ওই দুই শিক্ষক ২১ আগস্ট উল্টো প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলাম অভিযোগ তদন্তে উভয় পক্ষকে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণসহ ৩০ আগস্ট নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেন। পরে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আল সিরাজসহ আখতারুল ইসলাম ৩০ আগস্ট দিনভর অভিযোগের তদন্ত করেন। এতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং ওই দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হয়।
এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর ওই দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে তদন্ত প্রতিবেদন পাঠান আখতারুল ইসলাম।
এ বিষয়ে আখতারুল ইসলাম বলেন, ‘দোষী শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে। আশা করি, শিগগিরই তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’