যৌন হয়রানির শিকার ছাত্রীটি স্কুলে যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় যৌন হয়রানির শিকার এক স্কুলছাত্রী (১৪) বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। গত বৃহস্পতিবার মেয়েটির মা বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কাছে এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে ও অভিযুক্ত শিক্ষককে অপসারণের দাবিতে গতকাল রোববার শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।
মেয়েটির মা মুঠোফোনে বলেন, তাঁর মেয়ে বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ত। প্রাইভেট পড়ানোর সময় শিক্ষক মেয়েটিকে উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে মেয়েটি শিক্ষকের কাছে যাওয়া বন্ধ করে দেয়। গত সোমবার সকালে ওই শিক্ষক মেয়েটিকে বাসায় ডেকে নেন। এরপর তিনি মেয়েটিকে যৌন নিপীড়ন করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তাঁরা লজ্জায় বাড়ি ছেড়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তাঁর মেয়ে পরীক্ষা দিতেও যাচ্ছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি সভা ডেকে ওই শিক্ষককে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
গত সোমবার বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হলে মেয়েটিও পরীক্ষায় অংশ নেয়। এরপর থেকে সে অনুপস্থিত।
তবে ওই শিক্ষক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’