রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির ‘মিথ্যা’ অভিযোগ করায় উর্দু বিভাগের এক ছাত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ছাত্রী রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। সংশ্লিষ্ট শিক্ষক এই হলের আবাসিক শিক্ষক।
সভার পরে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান মুঠোফোনে বলেন, ‘শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির বিষয়টি মিথ্যা প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সদস্যদের সর্বসম্মতিক্রমে অভিযোগকারী ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এর আগে সিন্ডিকেট থেকে ওই ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল।’
বহিষ্কার হওয়া ছাত্রী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন ওই ছাত্রী। পরে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ে টানা কয়েক দিন আন্দোলন করেছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আর অভিযোগকে মিথ্যা দাবি করে ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পাল্টা অভিযোগ দিয়েছিলেন।
ঘটনাটি তদন্তে গত বছরের ২৬ ডিসেম্বর তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির সদস্যরা ওই ঘটনা তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগের কোনো সত্যতা পাননি।