যৌনপল্লিতে বিক্রির চেষ্টা, তরুণী উদ্ধার, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির প্রলোভন দেখিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির চেষ্টাকালে গতকাল বুধবার দুপুরে পুলিশ এক তরুণীকে উদ্ধার করেছে।
থানা হেফাজতে থাকা ওই তরুণী (২০) সাংবাদিকদের জানান, তাঁর বাড়ি বরিশালের বাবুগঞ্জ সদর উপজেলা এলাকায়। প্রায় পাঁচ বছর আগে ভোলা সদর উপজেলা এলাকার এক গাড়িচালকের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে একটি মেয়ে রয়েছে। তবে বনিবনা না হওয়ায় গত ঈদুল আজহার পর তাঁদের ছাড়াছড়ি হয়ে যায়।
এদিকে বেশ কিছু দিন কর্মস্থলে যোগ না দেওয়ায় তাঁর (তরুণী) চাকরিও চলে যায়। উপায় না পেয়ে মেয়েটিকে তাঁর মায়ের কাছে রেখে টঙ্গীর কামারপাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে চাকরির খোঁজ করতে থাকেন। এ সময় সবজি ব্যবসায়ী আবদুল খালেকের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। এ সুযোগে তাঁকে চাকরি দেওয়ার কথা বলে গত মঙ্গলবার বিকেলে টঙ্গী রেলস্টেশন এলাকার একটি বোর্ডিংয়ে নিয়ে আটকে রাখেন। রাতে তাঁকে ধর্ষণ করে ওই ব্যবসায়ী। চাকরির স্থানে নেওয়ার কথা বলে গতকাল সকালে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসে। স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। তখন তিনি (তরুণী) বুঝতে পারেন এটা খারাপ জায়গা। স্থানীয় লোকজনের কাছে বিষয়টি তিনি খুলে বললে তাঁরা পুলিশে খবর দেন। দুপুরে গোয়ালন্দঘাট থানার পুলিশ তাঁকে উদ্ধার ও খালেককে আটক করে।
আবদুল খালেক অভিযোগ অস্বীকার করে বলে, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। ওই তরুণীর ইচ্ছাতেই সে মেয়েটিকে দৌলতদিয়া যৌনপল্লিতে নিয়ে আসে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্যাহ জানান, তরুণীকে উদ্ধারের পর তাঁর পরিবারের কাছে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসার পর থানায় মামলা দায়ের করা হবে।