যৌনপল্লিতে বিক্রির চেষ্টাকালে গৃহবধূ উদ্ধার, গ্রেপ্তার ১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রির চেষ্টাকালে গত বুধবার এক গৃহবধূকে (১৯) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে।
ওই ব্যক্তির নাম সোহেল শেখ ওরফে বাবলু শেখ (৩২)। তিনি মানিকগঞ্জের দৌলতপুর থানার দক্ষিণ বাগুটিয়া বাইসপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্র জানায়, ওই গৃহবধূর বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায়। দুই বছর আগে তাঁর বিয়ে হয়। স্বামীর সঙ্গে তিনি ঢাকার মিরপুর এলাকায় থাকতেন। কিন্তু পারিবারিক কলহের জের ধরে প্রায় দুই মাস আগে তাঁকে ফেলে চলে যান স্বামী। এরপর থেকে তিনি অনেকটা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন। গত সোমবার রাত আটটার দিকে মিরপুর গোলচত্বর এলাকায় সোহেলের সঙ্গে ওই গৃহবধূর পরিচয় হয়। এ সময় তাঁকে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখান সোহেল। গত বুধবার বিকেলে তাঁকে নিয়ে দৌলতদিয়ায় আসেন।