যৌনপল্লীতে ছাত্র খুনের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম ওরফে রিপন মণ্ডলকে গুলি করে হত্যার ঘটনায় আজ সোমবার বিকেলে গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা হয়েছে। রিপনের মামা খলিল মণ্ডল বাদী হয়ে মামলাটি করেন। মামলায় পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সাত-আটজনকে আসামি করা হয়েছে।

গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার মোল্লা জানান, মামলায় যে পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন দৌলতদিয়া ঘাট এলাকার জামাল পত্তনদার (৩২), মো. ইয়াসিন (৩০), মো. সুমন শেখ (২৭), মো. শহিদ (৩০) ও কুষ্টিয়ার মো. হারুন (৩৫)। এঁদের মধ্যে সন্দেহভাজন হিসেবে পুলিশ গতকাল রাতে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে সুমন শেখকে আটক করে। পরে আজ মামলা হওয়ার পর তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত শনিবার গভীর রাতে সাইফুলকে গুলি করে হত্যা করা হয়। এ সময় নিহত সাইফুলের বন্ধু ফরিদ শেখও গুলিবিদ্ধ হন। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাইফুলের বাবার নাম মোহন মণ্ডল। তিনি দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও বাজার ব্যবসায়ী পরিষদের সাবেক সভাপতি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যৌনকর্মী রোববার জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে সাইফুল তাঁর ঘরে যান। সেখানে কিছুক্ষণ থাকার পর কয়েকবার বাইরে যান। রাত ১২টার দিকে সাইফুল আবার তাঁর ঘরে যান। পরে দেড়টার দিকে জরুরি ফোন পেয়ে বাইরে যান। তিনটার দিকে তিনি গুলির শব্দ শোনেন। কারা, কেন তাঁকে খুন করল, তিনি কিছুই জানেন না।

দৌলতদিয়া যৌনপল্লি এলাকার বাসিন্দারা জানান, সাইফুল ইসলাম ওরফে রিপন গত শনিবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে দৌলতদিয়ায় যান। বাড়ি না গিয়ে তিনি স্থানীয় কুটি মোল্লাপাড়ার বাসিন্দা বন্ধু ফরিদ শেখকে সঙ্গে নিয়ে ঘুরতে যান। রাত আনুমানিক তিনটার দিকে যৌনপল্লির একটি বাড়ির সামনে দুর্বৃত্তরা সাইফুলকে গুলি করে। গুলি তাঁর বুকের দুই পাশে ও মাথার বাঁ পাশে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় সাইফুলের সঙ্গে থাকা ফরিদকেও গুলি করা হয়। তবে ফরিদ দৌড়ে সেখান থেকে পালিয়ে যান।

নিহত রিপনের বাবা মোহন মণ্ডল বলেন, ‘রিপনের ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা দিয়ে লন্ডনে ব্যারিস্টারি পড়তে যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ডেকে এনে তাকে খুন করেছে। আমার একমাত্র ছেলেকে হত্যার বিচার চাই।’