
কাপড়ে মেশানোর রং, ঘাসের বীজ আর কিছু পচা কাঁচা মরিচ শুকিয়ে মিশিয়ে তৈরি হচ্ছিল মরিচের গুঁড়া। হলুদের গুঁড়ায়ও মেশানো হচ্ছিল রং ও ঘাসের বীজ। এসব ভেজাল মরিচ ও হলুদের গুঁড়া বাজারজাত করে আসছিল একটি চক্র।
গতকাল মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে এ রকম তিনটি ভেজাল মসলার কারখানায় অভিযান চালিয়ে তিন মালিককে এক বছর করে কারাদণ্ড এবং পাঁচ কর্মীকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডাদেশ পাওয়া তিন কারখানার মালিক হলেন মো. গিয়াস উদ্দিন (৫০), মো. মনির হোসেন (৩২) ও মো. সুমন মিয়া (২২)। আর জরিমানা করা পাঁচ কর্মী হলেন: মো. খাজা মিয়া (৪৪), মো. দুলাল (৪০), মো. কাউছার আলী (২৩), মো. মনির হোসেন (২৯) ও মো. আবদুল জলিল (১৯)।
আদালত পরিচালনাকারী র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশা বলেন, শুধু রাতের বেলায় এসব ভেজাল মসলা তেরি হলেও ঈদের সময় চাহিদা বেড়ে যাওয়ায় দিনেও কারখানা চালু রাখা হয়েছিল। ঘাসের বীজ বা ছোট কাউন, যা পাখির খাবার হিসেবে ব্যবহৃত হয়, তা ভেজাল মসলার মূল উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। এর সঙ্গে মেশানো হয় কাপড়ে দেওয়ার লাল রং ও পচা মরিচ। একই প্রক্রিয়ায় রং মিশিয়ে তৈরি করা হতো হলুদের গুঁড়া। আসল হলুদ ও মরিচের গুঁড়া আড়াই শ টাকা কেজি হলেও ভেজাল গুঁড়ার কেজি মাত্র ১৩০ টাকা।
কারাদণ্ডাদেশপ্রাপ্ত সুমন মিয়া জানান, কাওরান বাজার কিচেন মার্কেটের দোতলা থেকে ৩৫০ টাকা কেজি দরে রং কিনে আনেন তাঁরা। আর ১৫ টাকা কেজি দরে কেনেন ঘাসের বীজ। সব মিলিয়ে প্রতি কেজি উৎপাদনে খরচ হয় ৫০ থেকে ৬০ টাকা। দেশের
বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসে কিনে নিয়ে যান ১৩০ টাকা কেজি দরে।
অভিযানের সময় র্যাব-২-এর মেজর সৈয়দ সালাহ্উদ্দিন মাহমুদ ও মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআইয়ের পরিদর্শক সুরাইয়া পারভিন উপস্থিত ছিলেন।