রং ও চিনি দিয়ে তৈরি করা হচ্ছে খেজুরের গুড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী অঞ্চলে খেজুরের গুড়ের সঙ্গে অন্তত ১০ গুণ চিনি, কাপড়ের রং ও অন্যান্য উপকরণ মিশিয়ে একধরনের গুড় তৈরি করা হচ্ছে। জেনেশুনে ব্যবসায়ীরাও এই গুড় কিনে নিয়ে যাচ্ছেন। আসল খেজুরের গুড়ের অর্ধেক দামে এই গুড় কেনাবেচা হচ্ছে।
রাজশাহীর চারঘাট, বাঘা, পুঠিয়া, পবা ও নাটোরের লালপুর উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, এসব এলাকায় খেজুরের গুড় বলে আর কিছু নেই। ব্যবসায়ীরা বলছেন, এর আগে তাঁরা যে পরিমাণ খেজুরের গুড়ের সরবরাহ দেখেছেন, এখন তার চেয়ে অন্তত ১০ গুণ বেশি সরবরাহ দেখছেন। চাষিরা প্রতি পাঁচ লিটার খেজুরের রসে ৫০ কেজির এক বস্তা চিনি মিশিয়ে গুড় তৈরি করছেন। আবার গুড় তৈরির একশ্রেণির ব্যবসায়ী মহলও গড়ে উঠেছে। তাঁরা বাজার থেকে খেজুরের ঝোলা গুড় কিনে তার সঙ্গে রং, আটা ও চিনি মিশিয়ে গুড় তৈরি করছেন। বাজারে চিনির দাম কম হওয়ার কারণে তাঁরা এ সুযোগ নিচ্ছেন।
গত শুক্রবার রাজশাহী ও নাটোরের অন্তত ১০টি গ্রামে ঘুরে দেখা গেছে, সবচেয়ে ভয়াবহ কারবার করছেন চারঘাটের গুড় ব্যবসায়ীরা। তাঁরা নিম্নমানের খেজুরের গুড় কিনে তার সঙ্গে চিনি, আটা ও কাপড়ের রং মিশিয়ে গুড় তৈরি করছেন।
চারঘাট উপজেলার মেরামতপুর দিড়িপাড়া, পরানপুর, পিরজপুর, মুংলি, ভায়ালক্ষ্মীপুর, রাওথা গ্রামের গিয়ে গুড় তৈরির কারখানা দেখা যায়। মেরামতপুর গ্রামের আবুল কাশেম, মকবুল হোসেন, রাজু আহাম্মেদ ও পরানপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে সবচেয়ে বড় কারখানার দেখা মেলে। স্থানীয় লোকজন জানান, সকাল থেকে দিনব্যাপী তারা এসব কারখানায় গুড় তৈরির কাজ করেন। তাঁরা জানান, ভারতীয় সীমান্তবর্তী এই এলাকার গুড় ব্যবসায়ীরা আগে চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। সাধারণ চাষিরা রসের সঙ্গে চিনি মিশিয়ে গুড় তৈরি করছেন। তাঁরাও রং ব্যবহার করছেন।
রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা, বাউসা, নওটিকা ও দিঘা গ্রামে দেখা যায়, ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। পীরগাছা গ্রামের চাষিরা ছাড়াও ব্যবসায়ীরা এই গুড় তৈরির কারখানা করেছেন। তাঁরা কেউ ছবি তুলতে দেননি।
নওটিকা গ্রামের একজন চাষি বলেন, তিনি এক কেজি গুড় হওয়ার পরিমাণ রসে ৫০ কেজির এক বস্তা চিনি দিয়ে গুড় তৈরি করেন। এভাবে গুড় তৈরির বিষয়টি অনৈতিক কি না, জানতে চাইলে তিনি বলেন, এটা তো সবাই করছে। তাঁরা চিনিই দিচ্ছেন। আর যে রং ব্যবহার করছেন তা ক্ষতি করে না। কোথায় পাওয়া যায়—জানতে চাইলে তিনি বলেন, বাঘা উপজেলার যেকোনো দোকানে গিয়ে গুড়ের রং বলে চাইলেই দিয়ে দেবে। তিনি বলেন, ১০০ গ্রাম রঙের দাম ৬০ টাকা। তাঁর বাড়ি থেকে রং নিয়ে পরীক্ষা করে দেখা গেছে, হাতে লাগলে সেই রং আর ওঠানো যাচ্ছে না।
নাটোরের লালপুর উপজেলার জয়রামপুর, মোল্লাপাড়া ও পাইকপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, প্রতিটি বাড়িতে এত গুড় তৈরি হয়েছে যে রাখার জায়গা নেই। বাড়ির সামনেই ভটভটিতে গুড় সাজানো হচ্ছে। পরিবারের শিশুরা সকাল থেকেই ভটভটিতে গুড় সাজানোর কাজ করছে। গ্রামের একজন চাষি বলেন, লালপুর থানার পাশেই গুড়ের মোকাম। এখন চিনি দিয়ে গুড় তৈরির কাজটা বৈধ হয়ে গেছে। এ জন্য পুলিশ বা প্রশাসনের কেউ কিছু বলে না। সবাই দুই পয়সা লাভের আশায় এই কাজ করছেন।
বাঘা উপজেলার বাউসা গ্রামের গুড় ব্যবসায়ী আবদুল মতিন বলেন, যে বাজারে এর আগে তারা ২০ কেজি গুড় পেয়েছেন, এখন সেই বাজারে ১০০ কেজি গুড় উঠছে। তিনি বলেন, এই গুড়ের রং ভালো। এ জন্য ঢাকাসহ সারা দেশে এর চাহিদা রয়েছে। তবে আসল খেজুরের গুড়ের ঘ্রাণ কম থাকার কারণে তা অর্ধেক দামে কেনাবেচা হচ্ছে।