রং, ঘনচিনি ও পানের অযোগ্য পানি দিয়ে ওষুধ
পানের অযোগ্য পানির সঙ্গে বাসন্তী রং, নিম্নমানের ঘনচিনি আর ফ্লেভার মিশিয়ে তৈরি হচ্ছিল মানুষের জীবন রক্ষাকারী কথিত ওষুধ। টয়লেটের পানিতে বোতল ধুয়ে স্যাঁতসেঁতে ঘরের মেঝেতে অপরিচ্ছন্ন পরিবেশে বোতলজাত করে এসব ওষুধে লাগানো হচ্ছিল নামীদামি কোম্পানির লেবেল।
গতকাল বুধবার বগুড়া শহরের ঠনঠনিয়া শহীদ নগরের প্রথম লেনের কথিত একটি ওষুধ কারখানায় অভিযান চালাতে গিয়ে ওষুধ তৈরির নামে এমন দৃশ্য দেখে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল হাসান নিজেও হতবাক বনে যান। পরে সেখান থেকে বিপুল পরিমাণ তরল সিরাপ, লেবেল, বোতল, রং, ঘনচিনি ও ফ্লেভার আটক করে তা ধ্বংসের নির্দেশ দেন তিনি। তবে অভিযানের আগেই সটকে পড়েন কারখানার মালিক আবদুল মজিদ। আটক করা হয় কথিত কারখানার উৎপাদন কর্মকর্তা আবদুল্লাহ আল মাবুদ ও উৎপাদনকর্মী আবদুস সামাদকে। পরে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
হাবিবুল হাসান প্রথম আলোকে বলেন, ওষুধ উৎপাদনের নামে ওই কারখানায় চলছিল ভয়াবহ কারবার। আদালতের সঙ্গে থাকা বগুড়ার ওষুধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপারভাইজার) ইকবাল হোসেন বলেন, ওই কারখানায় এসব ওষুধ উৎপাদনে ওষুধ প্রশাসন বা অন্য কোনো সংস্থা থেকে অনুমোদন ছিল না।
ওষুধ প্রশাসনের তথ্যমতে, গত বছরের ২ এপ্রিল ‘লিবারেট ল্যাবরেটরিজ’ নামের কথিত ওই ওষুধ কারখানায় অভিযান চালিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। সে সময় কারখানা ব্যবস্থাপক মিজানুর রহমানকে এক বছরের দণ্ড এবং কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের দণ্ড দেওয়া হয়েছিল।