রংপুর নগর ছিল শান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধ-হরতাল চলাকালে গতকাল রংপুরের পায়রা চত্বরের উত্তর সড়কে অটোরিকশার জটলা। বিকেলে তোলা ছবি l প্রথম আলো
অবরোধ-হরতাল চলাকালে গতকাল রংপুরের পায়রা চত্বরের উত্তর সড়কে অটোরিকশার জটলা। বিকেলে তোলা ছবি l প্রথম আলো

অবরোধ-হরতালে গতকাল মঙ্গলবার রংপুর নগর ছিল শান্ত। জীবিকার তাগিদে শঙ্কা নিয়েও চলাচল করেছে সাধারণ মানুষ। ব্যবসায়ীরা দরজা অর্ধেক খোলা রেখে চালু রেখেছেন ব্যবসা। আন্তজেলা ও ঢাকাগামী বাস স্বাভাবিকভাবে চলাচল করেছে।
সরেজমিনে দেখা যায়, জেলা পরিষদ সুপার মার্কেট, মিনি সুপার মার্কেটসহ বড় বড় পাঁচটি বিপণিবিতান বন্ধ। তবে নগরের সিটি বাজারের সামনে থেকে শাপলা মোড় পর্যন্ত আড়াই কিলোমিটারের প্রধান সড়কের দুই পাশের ব্যবসাপ্রতিষ্ঠান আংশিক খোলা। ব্যবসার প্রধান কেন্দ্র বেতপট্টি এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানের একটি করে দরজা, আবার কোনোটির অর্ধেক দরজা খোলা ছিল।
বেতপট্টির ব্যবসায়ীরা জানালেন, একটি করে দরজা অথবা অর্ধেক দরজা খুলেও ব্যবসা করা হয়েছে।
এ ছাড়া সিটি বাজার পুরোদমে খোলা ছিল। সব সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক-বিমা খোলা ছিল। লেনদেনও হয়েছে স্বাভাবিক। নাম প্রকাশ না করার শর্তে সোনালী ব্যাংক প্রধান শাখার একজন কর্মকর্তা বলেন, লেনদেনে কোনো অসুবিধা হয়নি। তবে স্বাভাবিক দিনের চেয়ে লেনদেনের পরিমাণ কমে গেছে।
দুপুরে নগরের রংপুর-দিনাজপুর মহাসড়কের মেডিকেল মোড়ে সারিবদ্ধ হয়ে ২০টি বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর মধ্যে আধা ঘণ্টার মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী জেলায় কয়েকটি যাত্রীবাহী বাস ছেড়ে যায়। তবে এসব বাসে যাত্রী তুলনামূলক কম দেখা গেছে।
ঠাকুরগাঁওয়ের বাস ছেড়ে যাওয়ার মুহূর্তে যাত্রী একরাম হোসেন বলেন, ‘অফিস ছুটি নিয়ে এসেছিলাম। বুধবার যোগদান করতে হবে। তাই ছুটে যাচ্ছি।’
বিকেল সাড়ে তিনটার দিকে নগরের রংপুর-ঢাকা মহাসড়কের মডার্ন মোড়ে ঢাকাগামী ও বগুড়া, রাজশাহী, পাবনা, গাইবান্ধা যাওয়ার জন্য ১৫টি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এসব বাসে যাত্রীও উঠছে। এ সময় নিরাপত্তায় নিয়োজিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল গাড়ি দেখতে পাওয়া যায়। এর আগে বেলা ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত ঢাকাসহ আন্তজেলার ১৫টি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক সেখান থেকে ছেড়ে গেছে বলে জানা যায়।
বগুড়া যাওয়ার জন্য বাসে উঠছেন এমন একজন যাত্রী আলী হোসেন বলেন, ‘রাতে ঝুঁকি এড়াতে দিনেই যাচ্ছি। এর পরও শঙ্কা রয়েছে।’
রংপুর থেকে ঢাকা যাওয়ার পথে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আলুবোঝাই ট্রাকচালক ইলিয়াছ আলী বলেন, ‘কী আর করব। সংসার চলে না। বাধ্য হয়ে ট্রাক চালাতে হচ্ছে।’
নগরের প্রধান সড়ক সিটি করপোরেশনের সামনে, জাহাজ কোম্পানি মোড়, কাচারি বাজারের আদালতপাড়া, সাতমাথা মোড়, পার্কের মোড়, বাস টার্মিনাল, শাপলা মোড়সহ পুরো শহরে অটোরিকশার চলাচল স্বাভাবিক ছিল। এসব স্থানে যানজটেরও সৃষ্টি হয়। তবে
নগরের কামারপাড়া-ঢাকা বাসস্ট্যান্ডের সব কাউন্টার বন্ধ থাকতে দেখা যায়।