রংপুর বিএনপির 'নিখোঁজ' নেতা লালমনিরহাটে আটক
রংপুর মহানগর বিএনপির ‘নিখোঁজ’ সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনকে লালমনিরহাট থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এরপর তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৯ নভেম্বর দিবাগত রাত থেকে ‘নিখোঁজ’ ছিলেন মোজাফফর। তাঁর পরিবার অভিযোগ করে আসছিল, সাদাপোশাকের একদল লোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাঁকে তুলে নিয়ে যায়। কিন্তু পুলিশ ও র্যাব তাঁকে আটকের বিষয়টি অস্বীকার করে আসছিল।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে মোজাফফরকে থানায় হস্তান্তর করে র্যাব-১৩। থানায় লিখিত বিবরণে র্যাব জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজার এলাকায় ঘোরাঘুরি করছিলেন মোজাফফর। র্যাবের টহল গাড়ি দেখে তিনি দৌড় দেন। তখন তাঁকে আটক করা হয়।
মোজাফফরকে আটকের সংবাদ পেয়ে তাঁর স্ত্রী সুফিয়া হোসেন, স্ত্রীর বড় ভাই বিএনপি নেতা মোশারফ হোসেন, রংপুর জেলা বিএনপির সহসভাপতি পরিতোষ চক্রবর্তীসহ অনেকে লালমনিরহাট সদর থানায় যান।
গতকাল দুপুরে লালমনিরহাট সদর থানায় গিয়ে দেখা যায়, মোজাফফরকে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে বসিয়ে রাখা হয়েছে। পাশে আছেন তাঁর স্বজনেরা। তাঁর পরনে ছিল লুঙ্গি ও শার্ট। মুখে খোঁচা খোঁচা দাড়ি। ঘটনার ব্যাপারে জানতে চাইলে মোজাফফর সাংবাদিকদের কাছে কিছু বলতে চাননি।
ওসি মাহফুজুর রহমান বলেন, মোজাফফরের বিরুদ্ধে লালমনিরহাটে কোনো মামলা নেই। এ কারণে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে লালমনিরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মেহেদী হাসান মণ্ডলের আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, আদালতে গতকাল মোজাফফরের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। কিন্তু আদালত এর ওপরে আগামী রোববার শুনানির দিন ধার্য করেছেন।
রংপুরের কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, মোজাফফরের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে কোতোয়ালি থানায় একটি মামলা আছে। এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গতকাল একটি আবেদন করা হয়েছে। আদালত আজ বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।