রংপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের পাঁচজনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের দুটি পক্ষের সংঘর্ষে তিনজন নেতা-কর্মী আহত হওয়ার ঘটনায় সংগঠনটির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচজন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুজ্জামান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় সাবেক সভাপতি সরওয়ার আলম, সাবেক সাধারণ সম্পাদক ফারহান রহমান, ছাত্রলীগের কর্মী নাজমুল হাসান, উত্তম দেবনাথ ও গৌরাঙ্গ চন্দ্র সাহাকে আসামি করা হয়েছে। গৌরাঙ্গ চন্দ্র সাহা চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বাকি সবাই পঞ্চম বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া হামলার ঘটনায় অজ্ঞাতনামা আট-নয়জন ‘সন্ত্রাসী’ জড়িত ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ছাত্রলীগের একটি পক্ষ ক্যাম্পাসে অবস্থিত মুক্তা ছাত্রাবাসে হামলা চালায়। এতে ছাত্রলীগের তিন নেতা-কর্মী আহত হন। সংঘর্ষের জের ধরে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আহত শিক্ষার্থীরা এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রলীগের কর্মীকে মারধরের ঘটনায় অভিযুক্ত নেতা-কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
এদিকে নানা অভিযোগ ওঠায় গত বছর ২২ অক্টোবর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। বর্তমানে সেখানে ছাত্রলীগের কোনো কমিটি নেই।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ জাকির হোসেন আজ রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্মারকলিপি পাওয়ার পর তা কোতোয়ালি থানায় পাঠিয়ে অবগত করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, থানায় মামলা হয়েছে। প্রকৃত দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: