রংপুর মেডিকেল কলেজে ছাত্রী র‍্যাগিংয়ে ছাত্রলীগের নেত্রীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ ছাত্রীনিবাসের দুই শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগ পরিচয়ে সাতজন ছাত্রী ওই দুজনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান বলে কলেজ অধ্যক্ষের কাছে গতকাল বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেন তাঁরা।
বিষয়টি খতিয়ে দেখতে গ্যাস্ট্রোএনটেরোলজি বিভাগের শিক্ষক নুরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ। কমিটিকে কাল শনিবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযুক্ত ছাত্রীরা ছাত্রলীগের কি না, তা খতিয়ে দেখতে ছাত্রলীগও তদন্ত কমিটি করেছে।
র‍্যাগিংয়ের শিকার দুই শিক্ষার্থীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তৃতীয় বর্ষের (নতুন) ছাত্রী আনিকা রাজ ছাত্রীনিবাসের ২৫ নম্বর কক্ষে ও একই বর্ষের মুনা ২৬ নম্বর কক্ষে থাকেন। গত সোমবার রাতে একই ছাত্রীনিবাসের সাত শিক্ষার্থী ছাত্রলীগের নেতা পরিচয়ে অনিকা রাজ ও মুনার কক্ষে ঢুকে তাঁদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। তাঁদের রাতভর দাঁড় করিয়ে রাখেন। এ সময় তাঁরা দুই কক্ষের বিছানা-বালিশ, ইলেট্রিক যন্ত্র, বইসহ সব জিনিসপত্র তছনছ করেন। পরদিন মঙ্গলবার সকালে নির্যাতিত ছাত্রীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন ও নির্যাতনকারীদের শাস্তির দাবি জানান।

ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়কের দায়িত্বে নিয়োজিত শিক্ষক সারওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি জানার পর আমি ছাত্রীনিবাসের ওই দুই কক্ষ পরিদর্শন করে সিলগালা করে দিই। নির্যাতিত দুই শিক্ষার্থীকে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে। দুই কক্ষেই সাত ছাত্রী ছাত্রলীগের পরিচয়ে ওই দুই শিক্ষার্থীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর পর কক্ষের সবকিছু তছনছ করা হয়। বিষয়টি দুঃখজনক ও ন্যক্কারজনক।’

তদন্ত কমিটির সদস্য ও ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক তামান্না হামিদ প্রথম আলোকে বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। কাল শনিবারের মধ্যে প্রতিবেদন দিতে হবে।’
কলেজ অধ্যক্ষ অনিমেষ মজুমদার জানান, সাত ছাত্রীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের লিখিত অভিযোগ পাওয়ার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সাহা প্রথম আলোকে বলেন, ছাত্রলীগ পরিচয়ে কয়েকজন ছাত্রী র‍্যাগিংয়ের ঘটনা ঘটিয়েছেন বলে শোনা যাচ্ছে। অভিযুক্ত ছাত্রীরা ছাত্রলীগের সঙ্গে জড়িত কি না, তা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি করা হয়েছে। অভিযুক্ত ছাত্রীরা ছাত্রলীগের হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।