রংপুর মেডিকেল কলেজের ১৪ ছাত্রলীগ কর্মীর শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীনিবাসের দুই ছাত্রীকে র‌্যাগিংয়ের ঘটনায় জড়িত থাকায় রংপুর মেডিকেল কলেজের ১৪ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তাঁরা সবাই ছাত্রীনিবাসের আবাসিক ছাত্রী। শাস্তির আওতায় তাঁদের এক টার্ম থেকে তিন টার্ম পরীক্ষা স্থগিত এবং ছাত্রীনিবাসের সিট বাতিল করা হয়েছে।

এ ঘটনায় করা তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ অধ্যক্ষ অনিমেষ মজুমদার ছাত্রীদের শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, কলেজের ভাবমূর্তি রক্ষা এবং ভবিষ্যতে আর যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শাস্তি পাওয়া ছাত্রীদের মধ্যে যাঁদের তিন টার্ম পরীক্ষা স্থগিত করা হয়েছে, তাঁরা হলেন পঞ্চম বর্ষের ছাত্রী নুর ই সাবা আশা ও মার্জিয়া এবং চতুর্থ বর্ষের মুমুর। দুই টার্ম পরীক্ষা স্থগিত করা হয়েছে চতুর্থ বর্ষের তম্বী, কেয়া ও তৃতীয় বর্ষের মিশুর। আর এক টার্ম বৃত্তিমূলক পরীক্ষা স্থগিত করা হয়েছে তৃতীয় বর্ষের তুতুল ও স্বর্ণা, দ্বিতীয় বর্ষের নুসরাত প্রজ্ঞা, লিজা, সোমা ও মুনা এবং প্রথম বর্ষের তানসুছিলা ও জ্যোতির্ময়ীর। নুর ই সাবা আশা কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং বাকিরা সংগঠনের কর্মী। তাঁদের সবার ছাত্রীনিবাসের সিট বাতিল করা হয়েছে।

র‌্যাগিংয়ের ঘটনায় সহযোগিতা করায় ছাত্রলীগ কর্মী উত্তমা, নেহা, তানু, তুষি, মনিসা, রাফা ও দিতিকে তিরস্কার ও সতর্ক করা হয়েছে।

মুঠোফোন বন্ধ পাওয়ায় এ বিষয়ে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলা যায়নি।

র‌্যাগিংয়ের শিকার দুই শিক্ষার্থীর অভিযোগ থেকে জানা গেছে, তৃতীয় বর্ষের (নতুন) দুই ছাত্রী ছাত্রীনিবাসের ২৫ ও ২৬ নম্বর কক্ষে থাকেন। গত ২৯ আগস্ট রাতে একই ছাত্রীনিবাসের শিক্ষার্থী ও মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি নুর ই সাবা আশার নেতৃত্বে একদল কর্মী ওই দুই শিক্ষার্থীর কক্ষে ঢুকে তাঁদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। তাঁরা সারা রাত দুজনকে দাঁড় করিয়ে রাখেন। ভাঙচুর করেন দুই কক্ষের জিনিসপত্র। পরদিন সকালে নির্যাতিত ছাত্রীরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন।

বিষয়টি তদন্ত করে দেখতে ওই দিনই কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক নুর ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করে কলেজ কর্তৃপক্ষ।