রংপুর মেডিকেলে আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে বয়লার বিস্ফোরণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাইদুল (৪০) নামের আরও এক ব্যক্তি গতকাল শনিবার মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৭-তে দাঁড়াল।

হাসপাতালে এখনো দুজন চিকিৎসাধীন। তাঁরা হলেন বাদল (৪৫), আনিসুল (৪৫)। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দিনাজপুর শহরের রানীগঞ্জ এলাকায় সুবল ঘোষের যমুনা অটো রাইসমিলে গত ১৯ এপ্রিল বেলা ১১টায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। ওই দিন ১৯ জনকে দগ্ধ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে মারা গেলেন ১৭ জন।

গতকাল সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, দগ্ধ আনিসুলের শয্যাপাশে তাঁর স্ত্রী কোহিনুর বেগম বসে আছেন। কোহিনুর বলেন, ‘জানি না আমার স্বামীর ভাগ্যে কী আছে!’ এরপরও তিনি সেবায় ব্যস্ত। চোখেমুখে বিষণ্নতা।