রংপুরে অটোরিকশাচালকের লাশ উদ্ধার
রংপুরের মিঠাপুকুরের শালবাগান থেকে রনি (১৫) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
তাকে শ্বাসরোধের হত্যার পর অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে পুলিশের ধারণা। নিহত কিশোরের বাড়ি রংপুর সদর উপজেলার সদ্দপুষ্করিণী ইউনিয়নের ভেলু গ্রামে। তার বাবার নাম আবদুর রহমান।
নিহত চালকের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রনি গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বেরিয়ে রাতে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ জানায়, মিঠাপুকুর উপজেলার শাল্টিগোপাল ইউনিয়নের শালবাগানে শ্রমিকেরা কাজ করতে গিয়ে দুপুর ১২টার দিকে গাছের সঙ্গে একটি মৃতদেহ ঝুলে থাকতে দেখে। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে নিহত কিশোরের বাবা আবদুর রহমান ঘটনাস্থলে এসে ছেলের লাশ শনাক্ত করেন। তার গলা ও মুখে গামছা বাঁধা ছিল। শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্নও পাওয়া গেছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে। নিহত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।