রংপুরে অবৈধ গাড়ি পোড়ালেন মেয়র

ভুয়া নিবন্ধন করা তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা গতকাল মঙ্গলবার রংপুর সিটি করপোরেশন চত্বরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু নিজে গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেন।
একজন জনপ্রতিনিধি হিসেবে মেয়রের এ ভূমিকায় প্রশ্ন উঠেছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, জনপ্রতিনিধি হিসেবে তিনি (মেয়র সরফুদ্দিন) এটা করতে পারেন না। তিনি সিটি করপোরেশন এলাকায় এসব গাড়ি চলাচলে বাধা দিতে পারেন। আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। কিন্তু পোড়াতে পারেন না।
রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে অটোরিকশা তিনটি জব্দ করা হয়। এগুলো জাল নিবন্ধন করা। গতকাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অটোরিকশা তিনটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সিটি করপোরেশনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সরফুদ্দিন আহমেদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘জাল লাইসেন্স করা ঠেকানো যাচ্ছে না। তাই আমাকে বাধ্য হয়ে কাজটি করতে হলো, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জাল লাইসেন্স করতে সাহস না পায়।’
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম গোলাম কিবরিয়া বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা জিনিস যেমন বিনষ্ট করা হয়, তেমনি জাল নিবন্ধন করা অটোরিকশা তিনটি পুড়িয়ে ফেলা হয়েছে। কেননা, নতুন করে অটোরিকশার নিবন্ধন সরকারিভাবে বন্ধ রয়েছে।
রংপুরে সিটি করপোরেশনের নিবন্ধন করা অটোরিকশার সংখ্যা ৫ হাজার। অথচ শহরে নিবন্ধনহীন অটোরিকশা চলছে প্রায় ২০ হাজার।