রংপুরে অবৈধ মাদক নিরাময়কেন্দ্র সিলগালা, তিনজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরে অনুমোদনহীন একটি মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের পরিচালকসহ তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়।
শহরের সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকার অবৈধ নতুন জীবন মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের পরিচালক হচ্ছেন জাহাঙ্গীর আনোয়ার লিমন। আদালত তাঁকে তিন মাস, তাঁর সহযোগী মিজানুর রহমান ও সাইদুর রহমানকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। রাতেই তাঁদের কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ অভিযান পরিচালনা করেন রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালানোর সময় সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে নতুন জীবন নামের কেন্দ্রটি অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে। এই ব্যবসা পরিচালনার জন্য তাঁদের কোনো নিবন্ধন নেই। সেখানে কোনো চিকিৎসকও নেই। মাদকাসক্ত রোগীদের কাছ থেকে টাকা নিয়ে প্রতিষ্ঠানটি নিজেদের মতো চিকিৎসাসেবা দিয়ে আসছিল। অভিযানে ২৪ জন মাদকাসক্ত রোগীকে উদ্ধার করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় র্যাব-১৩ রংপুর ক্যাম্পের সহকারী পরিচালক আলী রেজা রাব্বী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর কার্যালয়ের পরিদর্শক আনোয়ারুল হাবিব উপস্থিত ছিলেন।