মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে রংপুরে র্যা বের হাতে আটক তিন চিকিৎসকসহ সাত ব্যক্তির মধ্যে ছয়জনকে গতকাল বুধবার বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে।
ওই সাতজনের মধ্যে চিকিৎসক শরিফুল ইসলাম (অন্তু) অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
২০১৪ সালে প্রশ্নপত্র ফাঁসের ঘটনার ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের ঢাকায় পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এবং রংপুর জেলা পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা কর্মকর্তা শরিফুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থো-সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার জিল্লুর হাসান (রনি), সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার শরিফুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (পাভেল), রংপুরে প্রাইমেট কোচিং সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর রহমান, এ-ওয়ান কোচিং সেন্টারের কর্মকর্তা তিন শিক্ষক জামিল উদ্দিন, আতিকুর রহমান (আদিল) ও সাজরাতুল ইয়াদীন (রানা)।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।