রংপুরে আবাদি জমিতে ইটভাটা ফসলের ক্ষতি
পরিবেশ আইনের তোয়াক্কা না করে রংপুরের পীরগাছা উপজেলায় আবাদি জমির মাঝখানে ইটভাটা নির্মাণ করে ইট পোড়ানো হচ্ছে। এতে আশপাশের জমির ফসল নষ্ট হচ্ছে বলে কৃষকেরা অভিযোগ তুলেছেন।
উপজেলার কল্যাণী ইউনিয়নের বুড়াইল এলাকায় ২০০৯ সালে এস বি এফ ব্রিকস নামের ইটভাটা নির্মাণ করা হয়। ১২ জানুয়ারি সকালে সরেজমিনে দেখা গেছে, আবাদি জমির মাঝখানে ইটভাটা। চারদিকে বিস্তীর্ণ আলুখেত। ইটভাটায় চলছে ইট পোড়ানো। ভাটার পূর্ব দিকে আবদুল কাদের এ বছর ৬০ শতাংশ জমিতে আলু চাষ করেছেন। তিনি বলেন, ইটভাটার কারণে ফসলের ওপর ধুলাবালুর স্তর পড়ে গত কয়েক বছরে ফসল উৎপাদন কমে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহেদুল হক চৌধুরী বলেন, ‘আবাদি জমির মাঝখানে ইটভাটা করার জন্য আমাদের পক্ষ থেকে কোনো প্রত্যয়নপত্র দেওয়া হয়নি।’
এসব বিষয়ে কথা বলার জন্য ইটভাটার মালিক সোহরাব হোসেনকে পাওয়া না গেলেও ভাটার ব্যবস্থাপক সোহেল মিয়া বলেন, পরিবেশ অধিদপ্তরের সনদ নিয়েই ইটভাটা নির্মাণ করে ইট পোড়ানো হচ্ছে।
রংপুর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক আকতারুজ্জামান বলেন, বিশেষ অনুমতি নিয়ে একসময় এই ইটভাটায় ইট পোড়ানোর কাজ শুরু করা হয়েছিল। কিন্তু নতুন আইন অনুযায়ী জুন মাসের মধ্যে ইটভাটাটি সরিয়ে নিতে হবে।