রংপুরে আহত ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে ক্রিকেট খেলা নিয়ে মারপিটের ঘটনায় আহত স্কুলছাত্র সানি আহমেদ (১৪) চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে নগরের কৈলাশরঞ্জন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল নগরের কামালকাছনা এলাকার ব্যবসায়ী ওমর আলীর ছেলে সানি আহমেদ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ক্রিকেট খেলতে যায়। সেখানে খেলা নিয়ে ফাহিম নামের এক ব্যক্তির সঙ্গে তার হাতাহাতি হয়। এরপর ফাহিম ও তার সঙ্গীরা ক্রিকেট ব্যাট দিয়ে সানি আহমেদের মাথায় আঘাত করে। এতে জ্ঞান হারিয়ে ফেলে সানি। সঙ্গে সঙ্গে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, এ ঘটনায় নিহত ছাত্রের বড় বোন ফাতেমাতুজ জোহরা বাদী হয়ে ফাহিমসহ অজ্ঞাতপরিচয় আরও ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।