রংপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু
রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুজন চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের সময় লোকমান হোসেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ ও ম্যাজিস্ট্রেটসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আজ রোববার রাত আটটার দিকে ইউনিয়নের পালিচরা খান চৌধুরী একরামিয়া মাদ্রাসা ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।
আঘাতজনিত নাকি অন্য কোনো কারণে লোকমান হোসেন মারা গেছেন তা জানা যায়নি।
পুলিশ জানায়, আজ সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থী সোয়েল রানা ও মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে বিকেল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। ভোট গণনার সময় দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ব্যালট বাক্স ছিনতাই করতে আসে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করলে দুই পক্ষের সমর্থকেরাই আলাদাভাবে পুলিশের ওপর আক্রমণ চালায়। পুলিশ রাবার বুলেট ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।
এই সংঘর্ষের সময় ঘটনাস্থলে থাকা লোকমান হোসেন নিহত হন। এ ছাড়া ওই কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, সহকারী পুলিশ সুপার রইস উদ্দিন ও নাসের রিকাবদারসহ দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতাল ও রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রংপুরের পুলিশ সুপার আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে লোকমান হোসেনের লাশ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। তিনি কীভাবে মারা গেছেন তা ময়নাতদন্তের আগে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে এখনো উত্তেজনা বিরাজ করছে।