রংপুর সদর উপজেলার উত্তম বণিকপাড়ার একটি ডোবা থেকে গতকাল রোববার সকালে মোসলেম (২০) নামের এক বধির তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার কৃষক আজিজুল ইসলামের ছেলে।
এ ঘটনায় আজিজুল ইসলাম বাদী হয়ে ওই এলাকার ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মোসলেমের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজিজুল বলেন, বণিকপাড়া মোড়ে প্রতিদিনের মতো সন্ধ্যার পর ক্যারাম খেলা হয়। সেখানে গত শনিবার সন্ধ্যার পর মোসলেমও খেলতে যায়। রাত হলেও সে বাড়ি ফেরেনি। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। গতকাল সকালে জানতে পারেন, তার লাশ একটি ডোবার মধ্যে পড়ে আছে। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, ক্যারাম খেলাকে কেন্দ্র করে মোসলেমের সঙ্গে প্রতিপক্ষের ঝগড়া হয়। একপর্যায়ে তাঁর প্রতিপক্ষরা তাঁকে কিলঘুষি মারেন। ঘটনাস্থলেই মারা যান মোসলেম। পরে তাঁরা মোসলেমের লাশ পাশের ডোবায় ফেলে দেন। এ ঘটনার পর থেকে ক্যারাম খেলোয়াড়েরা গা ঢাকা দিয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত মোসলেমের বাবা একটি হত্যা মামলা করেছেন।